মোবাইল ফোন সেবায় সম্পূরক শুল্ক স্মার্ট বাংলাদেশ ভিশনের স্ববিরোধী : এমটব

৬ জুন, ২০২৪ ১৭:১১  

বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান। প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরে মোবাইল ফোনে কথা বলার ওপর বিদ্যমান শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হয়েছে। ১ জুন অর্থ বছর শুরু হলেও ভ্যাট ও আমদানি শুল্ক সম্পর্কিত যত ধরনের হার কমানো বা বাড়ানোর প্রস্তাব থাকে, তা বাজেট ঘোষণার দিন থেকেই কার্যকর হয়।

সেই হিসেবে রাত থেকেই ১০০ টাকা রিচার্জ করলে সরকার ২৮ টাকা শুল্ক-কর পাবে। ফলে  ১০০ টাকার টকটাইম পেতে ১৩৯ টাকা রিচার্জ করতে হবে গ্রাহককে। অবশ্য এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত টাকা কাটার বিষয়ে বিষয়ে কোনো অপারেটরই গ্রাহক পর্যায়ে কোনো বার্তা পাঠায়নি।

তবে মোবাইল অপারেটরদের সংগঠন সোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (এমটব) পক্ষ থেকে জানানো হয়েছে, মোবাইল সেবার উপর আরোপিত অতিরিক্ত ৫% সম্পূরক শুল্ক টেলিকম শিল্প ও গ্রাহকদের ওপর বাড়তি বোঝা তৈরি করবে। এর আগে এই শুল্কের হার ছিল ১৫%। এই শুল্ক বৃদ্ধির ফলে বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীসহ গ্রাহকরা মোবাইলে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারে আর্থিক চাপে পড়বে। ফলশ্রুতিতে মোবাইলের ব্যবহার সংকুচিত হয়ে ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়বে ও সরকারের রাজস্ব আহরণ হ্রাস পাবে।

সংগঠনের মহাসচিব লে. কর্নেল মোহাম্মদ জুলফিকারকে (অব.) বলেছেন, মোবাইল সিমের উপর মূল্য সংযোজন কর (ভ্যাট) বৃদ্ধি নতুন গ্রাহক প্রবৃদ্ধির হারকেও মন্থর করবে যেখানে দেশে এখনো প্রায় ৪৫ শতাংশ মানুষ সংযোগের বাইরে অবস্থান করছে। এই কর বৃদ্ধি দেশের সার্বিক ডিজিটালাইজেশন প্রক্রিয়া এবং জিডিপিতে নেতিবাচক প্রভাব রাখবে যা সরকারের স্মার্ট বাংলাদেশ ভিশনের স্ববিরোধী। আমরা সরকারের কাছে আরোপিত শুল্ক এবং আমাদের পক্ষ থেকে প্রেরিত বাজেট সুপারিশমালা পুনর্বিবেচনার অনুরোধ করছি।